এক পাওনাদারের করা মামলায় আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামের থানায় এনে ক্রসফায়ারসহ নানান মামলায় জড়ানোর ভয়ভীতি দেখিয়ে থানার পুরুষ হাজত খানায় ৬টি চেকে স্বাক্ষর করা ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেছে এক প্রবাসী৷
গত ১৯ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ৪র্থ আদালতে মোঃ জাহেদুল ইসলাম (৪৬) নামের ব্যক্তির পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান খান৷
মামলায় মোঃ জোবাইদ হোসেন (৩২) কে প্রধান আসামী করে ২য় ও ৩য় আসামী করা হয়েছে যথাক্রমে সিএমপি'র পাঁচলাইশ মডেল থানার ওসি মোজাম্মেল হক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শওকত ইমামকে৷ এছাড়া অজ্ঞাত আরো ৮/১০ কে আসামী করা হয়েছে৷
অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান খান বিডি২৪লাইভকে জানান, আদালত আমাদের বক্তব্য শুনে মামলার ১নং ও ৩নং আসামীর বিষয়ে সরাসরি তদন্তের জন্য পিবিআই কে নির্দেশ নিয়েছেন৷ তদন্তে ২নং আসামীর কোন প্রকার সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেটির প্রেক্ষিতে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছেন৷
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার উত্তর রোসাংগিরি'র জনৈক মোহাম্মদ হারুনের ছেলে মোঃ জাহেদুল ইসলাম (৪৬) দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বাণিজ্য করছেন৷ গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১০-১১ টার সময় রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিকের একটি ফ্ল্যাট থেকে চট্টগ্রাম পাঁচলাইশ থানার উপ-পুলিশ পরিদর্শক শওকত ইমামের নেতৃত্বে দুটি মাইক্রোবাসে থাকা অজ্ঞাত লোক বাদিকে গত ৫ নভেম্বর পাঁচলাইশ থানায় মোঃ জোবাইদ হোসেনের দায়ের করা মামলার (নং-১১(১১)/২৬) গ্রেফতারি পরোয়ানা মূলে আটক করে। এসময় মামলার প্রধান আসামীও সেখানে উপস্থিত ছিলেন।
বাদিকে ঢাকা থেকে চট্টগ্রাম আনার প্রতিমধ্যে ১নং ও ৩নং আসামী বাদিকে নানান ভয়ভীতি প্রদর্শন করে৷ এক পর্যায়ে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে বাদীকে গাড়ি থেকে নামিয়ে উপ-পুলিশ পরিদর্শক শওকত ইমাম বাদিকে অস্ত্র ঠেকিয়ে ১নং আসামীর পাওনা ৭৭ লাখ টাকা তাৎক্ষনিক পরিশোধের হুমকি দেয়৷ অন্যথায় বাদিকে ক্রয় ফায়ার দিবে বলে জানায়। এক পর্যায়ে ১নং ও ৩নং আসামী আসামী বাদিকে মারধর করে৷ এরপর ১০ নভেম্বর ভোর ৬টা থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত বাদিকে চট্টগ্রাম পাঁচলাইশ থানা এনে পুরুষ হাজত খানায় উপোস রাখা হয়। মুহুমুহু হুমকি ভয়ভীতির এক পর্যায়ে বাদি তাঁর পরিবারের সদস্যদের থানায় আসতে বলেন৷ নানান মামলায় জড়ানোর ভয়ে, সেই সাথে বিদেশের ভিসা বাতিলের আশংকায় বাদি বাধ্য হয়ে মামলার ২নং সাক্ষীর মাধ্যমে তাঁর চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিকের বাসা থেকে তার নিজ নামে থাকা ব্রাক ব্যাংকের চেক বই এনে হাজত খানায় বসে বিভিন্ন অংকে সর্বমোট ৪৩ লাখ ৬৫ হাজার টাকার ৬টি চেকে সাক্ষর করে ১নং আসামীকে প্রদান করেন৷ সেদিনই আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ আছে৷
মামলার বাদি জাহেদুল ইসলাম বলেন, মামলার ১নং আসামীর সাথে ঘনিষ্ঠতার সুবাদে তাঁরা দুবাই থেকে বিভিন্ন ব্রান্ডের নতুন ও ব্যবহৃত ল্যাপটপ, ইলেক্ট্রনিক্স পণ্য এয়ার কার্গোর মাধ্যমে সিএন্ডএফ এবং ডোর টু ডোর বেচা বিক্রির জন্য বাংলাদেশে রপ্তানী করার যৌথ ব্যবসার উদ্যোগ গ্রহণ করি৷ ২০২৫ সাল থেকে উক্তভাবে ব্যবসা বাণিজ্যের মুনাফা বাবদ বাদী সর্বশেষ ২৫/০৫/২০২৬ সাল পর্যন্ত ১নং আসামীকে বিভিন্ন মাধ্যমে ৭ লাখ ৭২ হাজার টাকা প্রদান করি৷ তবে গত ১৮/১০/২০২৫ ইংরেজী তারিখে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে লাগা আগুলে বাদি ও ১নং আসামীর রপ্তানীকরা সকল মালামাল পুড়ে গেলে বাদি ২-৩ কোটি টাকার হয়৷ বাদীর অভিযোগ শাহজালাল বিমান বন্দর কার্গো কর্তৃপক্ষ কিংবা কুরিয়ার এজেন্ট কোন প্রকার ক্ষতিপূরণ না দিলেও ১নং আসামী নানান ভাবে তার কাছে ক্ষতিপূরণের অর্থ দাবী করে আসছিলেন৷ সর্বশেষ মিথ্যা মামলায় তাকে ঢাকা থেকে গ্রেফতার করে এনে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে থানা হাজতে ৬টি চেকে সাক্ষর নেয়। যে স্ট্যাম্পের ভিত্তিতে থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছিল তিনি সেই স্ট্যাম্প গুলোকে জাল বলে দাবি করেন৷
এই বিষয়ে মামলার ১নং আসামী মোঃ জোবাইদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাহেদুল ইসলামের কাছে তিনি আরো বেশী অর্থ পাওনা ছিলেন৷ ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামে আনার পর জাহেদুল ইসলামের পরিবারের লোকজন আপোষ মিমাংসার প্রস্তাব দিলে তিনি প্রায় অর্ধেক পরিমান অর্থের দাবি ত্যাগ করে ৪৩ লাখ টাকার ৬টি চেকের মাধ্যমে আপোষে রাজি হন এবং আদালত থেকে জাহেদুলকে জামিন করান৷
এই বিষয়ে সিএমপি'র পাঁচলাইশ মডেল থানার ওসি মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জাহেদুল ইসলামেদ করা মামলার বিষয়টি সম্পর্কে এখনো অফিসিয়ালি কিছু জানেন না উল্লেখ করে বলেন, একজন ভূক্তভোগীর দায়ের করা মামলার প্রেক্ষিতে আসামী জাহেদুলকে ঢাকা থেকে গ্রেফতার করে এনে যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে চালান দেওয়া হয়েছে ৷ এর মাঝে বাদি ও আসামী পক্ষের মধ্যে কি আপোষ বা সমযোথা হয়েছে সেটা আমার জানার কথা নয়, এই বিষয়ে আমি কিছুই অবগত নই ৷
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর