• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১১ রাত

ঢাকায় আনা হচ্ছে অভিনেতা সোহেল খানের মরদেহ, দাফন ধামরাইয়ে

ছবি: সংগৃহীত

অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। পর্দায় তার অভিব্যক্তি, সংলাপ ও সাবলীল উপস্থিতি দর্শকদের হাসিয়েছে। ব্যক্তিজীবনেও হাসিখুশি ও প্রাণবন্ত ছিলেন তিনি। তবে এবার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে আর ফিরতে পারলেন না এই অভিনেতা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মো. ইকবাল। তিনি জানান, সোহেল খানের মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে। তার মরদেহ ঢাকার ধামরাইয়ে নেওয়া হচ্ছে। ধামরাইয়ের রাজাপুরে তার গ্রামের বাড়িতে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হবে।

হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে সনদে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন অভিনেতা।

পরে শুটিং ইউনিটের এক সদস্য তাকে ডাকতে হোটেলের কক্ষে যান। সেখানে বিছানায় পড়ে থাকতে দেখেন সোহেল খানকে। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মোবাইল অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর নির্মাণে রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন এই অভিনেতা।

নাটকের পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় করেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

সবশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। এতে একজন গ্যারেজ মালিকের চরিত্রে দেখা গেছে তাকে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]