নড়াইলের কালিয়ায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
নিহত হওয়ার ছয়দিন পর গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। বুধবার সকালে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে আটক দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি সন্ধ্যা ৭টার দিকে বেন্দারচর গ্রামের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীনুর, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. মফিজুর রহমানসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত শাহিনুর ও সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে প্রথমে সোহেল এবং কিছু সময় পর শাহিনুরের মৃত্যু হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর