সারিবদ্ধ গাছজুড়ে ঝুলছে লাল ও গোলাপি রঙের টসটসে ড্রাগন ফল। নিচে আনারসের সবুজ সমারোহ, আর ওপরে বিদেশি ফল ড্রাগনের হাসি। একই জমিতে দুটি ভিন্ন ফসলের এমন দৃষ্টিনন্দন ও লাভজনক সমন্বয় ঘটিয়ে এলাকায় সাড়া ফেলেছেন নীলফামারীর ডিমলা উপজেলার উদ্যোক্তা শরিফুল ইসলাম ডলার। উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দর খাতা গ্রামে প্রায় এক একর জমিতে গড়ে তোলা আনারস বাগানে মিশ্র ফসল হিসেবে ড্রাগন চাষ করে আশাতীত সাফল্য পেয়েছেন তিনি। অনুকূল মাটি, আবহাওয়া এবং আধুনিক পরিচর্যার ফলে ভরা মৌসুমে তার বাগান থেকে প্রতিদিন ৬০ থেকে ১০০ কেজি পর্যন্ত ড্রাগন ফল সংগ্রহ করা হচ্ছে।
বাগান সূত্রে জানা গেছে, এখানকার উৎপাদিত ড্রাগন ফল স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রংপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে স্থানীয় পাইকারি বাজারে প্রতি কেজি ড্রাগন ফল প্রায় ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমলার ফলের পাইকারি ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, "সুন্দর খাতার বাগানের ড্রাগন ফলের আকার, স্বাদ ও গুণগত মান বেশ ভালো। বাগান থেকে সরাসরি তাজা ফল সংগ্রহ করা যায় বলে স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং বিক্রিও ভালো হচ্ছে।"
বাণিজ্যিক উৎপাদনের পাশাপাশি বাগানটি এখন স্থানীয়দের কাছে এক আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। গাছ থেকে সরাসরি নিরাপদ ও তাজা ফল কেনার সুযোগ থাকায় প্রতিদিনই ক্রেতা ও দর্শনার্থীরা বাগানে ভিড় করছেন। ডিমলা সদর থেকে পরিবার নিয়ে বাগানে ঘুরতে আসা অধ্যক্ষ আবদুল কাদের জানান, সারিবদ্ধ গাছে ঝুলে থাকা লাল-গোলাপি ড্রাগন ফল দেখতে অত্যন্ত আকর্ষণীয়। শিশুরাও বাগানে ঘুরে ফল দেখে বেশ আনন্দ পাচ্ছে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দা সফিয়ার রহমান বলেন, "বাজার থেকে ফল কিনলে তা তাজা ও নিরাপদ কি না তা নিয়ে অনেক সময় সন্দেহ থাকে। এখানে গাছ থেকে সরাসরি বড়, মিষ্টি ও রসালো ফল কিনতে পারছি।"
সফল উদ্যোক্তা শরিফুল ইসলাম ডলার জানান, এখানকার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য বেশ উপযোগী। শুরু থেকেই সুষম সার প্রয়োগ, প্রয়োজনমতো সেচ এবং আধুনিক পদ্ধতিতে গাছের পরিচর্যা করা হয়েছে। নিয়মিত যত্ন ও তদারকির কারণেই এবার আশাতীত ফলন মিলেছে। বেশি ফলনের পাশাপাশি নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদনে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
ড্রাগন চাষে কৃষকদের নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ। বালাপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শওকত রেজা জানান, মাঠপর্যায়ে নিয়মিত বাগান পরিদর্শনের মাধ্যমে গাছের পুষ্টি ব্যবস্থাপনা, সুষম সার ব্যবহার ও রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, "ডিমলায় ড্রাগন চাষে উদ্যোক্তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। নতুন উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে এগিয়ে এলে ভবিষ্যতে ডিমলা ড্রাগন ফল উৎপাদনের একটি সম্ভাবনাময় এলাকায় পরিণত হবে।" এ বিষয়ে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল বলেন, "প্রযুক্তিগত সহায়তা, উদ্যোক্তাদের আগ্রহ এবং অনুকূল মাটি ও আবহাওয়ার সুবিধা কাজে লাগিয়ে ডিমলায় ড্রাগন চাষ আরও সম্প্রসারণ করা সম্ভব। আনারসের সঙ্গে ড্রাগনের মতো মিশ্র ফসল চাষের মাধ্যমে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদন করে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি এলাকার কৃষি অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে।"
সাজু/নিএ
সর্বশেষ খবর
এক্সক্লুসিভ এর সর্বশেষ খবর