• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মো আবির
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫১ বিকাল

আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল আখাউড়া

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বোমাবাজি, সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পৃথক কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানের নির্দেশে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়কবাজার প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্স মার্কেটের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

অন্যদিকে, আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার নির্দেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর সীমান্ত এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন।

বুধবার দুপুর ১টার দিকে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছায়। প্রতিনিধি দলে আরও সাত থেকে আটজন নেতা রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে দলটি আগরতলা স্থলবন্দর পরিদর্শনে যায়।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের আগমনকে কেন্দ্র করে আখাউড়া নারায়ণপুর তিনরাস্তার মোড়েও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ।

তিনি অভিযোগ করেন, ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের একটি দল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচিত সরকার তাদের এ অপচেষ্টা রুখে দেবে। কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। বিএনপির নেতাকর্মী ও প্রশাসন সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে।

সড়কবাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। এ সময় নেতাকর্মীদের সীমান্ত এলাকায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পথসভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন।

এতে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি বাহার মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শওকত হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন লিটন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদ, যুবদল নেতা মামুন আহমেদ এবং পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসসাদিক ভূঁইয়া গালিব।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর সীমান্ত এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসীন ভূঁইয়া, ছাত্রদলের সভাপতি মো. মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]