চুয়াডাঙ্গায় কুয়াশা আর হিমেল বাতাসে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে বাড়ছে শীতের প্রভাব। একদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন মৌসুমি গাছিরা, অন্যদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন শিশু ও বয়স্করা। শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িচালক এবং দিনমজুরদের জীবিকায় পড়ছে নেতিবাচক প্রভাব।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।
এদিকে শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর চাপও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা বেশি দেখা যাচ্ছে।
অন্যদিকে শীতের আগমনে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন মৌসুমি গাছিরা। ইতোমধ্যে গাছ পরিষ্কার করে নল বসানোর কাজ শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে টাটকা খেজুরের রস ও গুড় বাজারে আসবে বলে আশা করছেন তারা।
তবে শীতের এই সময়ে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। ভোরের হিমেল বাতাসে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িচালকদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় তাদের আয়ও কমছে। পাশাপাশি দিনমজুরদের কাজের সুযোগ কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর