• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০২:৫৫ দুপুর

চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

ছবি: সংগৃহীত

২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।

চারটি প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আমদানির প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে তিনটি প্যাকেজে জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্য প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

আমদানির তালিকায় রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন।

বিপিসির প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ৬০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার। প্যাকেজটিতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হওয়ার পর সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচন করা হয়।

প্যাকেজ পিজি-০৪-এর আওতায় আরও ৯০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এ প্যাকেজে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৭ দশমিক ৪৫ ডলার। পাঁচটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দিলেও চারটির প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ প্যাকেজেও কাজ পেয়েছে ট্রাফিগুরা।

অন্যদিকে, প্যাকেজ পিজি-০৫-এর আওতায় ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৬৯ দশমিক ৮২ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয় এবং সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে ফার্নেস অয়েল সরবরাহ করবে ট্রাফিগুরা।

এ ছাড়া প্যাকেজ পিজি-০৬-এর আওতায় ১ লাখ ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৭ দশমিক ৩৬ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর।

বিপিসি সূত্রে জানা গেছে, দেশে আমদানিতব্য জ্বালানি তেলের ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়। ২০২৭ সালের পুরো বছরে জিটুজি পদ্ধতিতে ৩৩ লাখ ৩৫ হাজার টন এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সমপরিমাণ জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে আগামী বছর ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানি করবে বিপিসি।

আমদানির অনুমোদিত অর্থ বিপিসির নিজস্ব বাজেট, জ্বালানি তেল বিক্রির আয় এবং অন্যান্য উৎস থেকে ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। তবে আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক, ভ্যাট ও অগ্রিম আয়কর নির্ধারিত আইন অনুযায়ী বিপিসিকে পরিশোধ করতে হবে। এসব কর ও শুল্ক অনুমোদিত ক্রয়মূল্যের অন্তর্ভুক্ত নয়।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]