বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংকে বাংলাদেশের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি জানান নাহিদ ইসলাম।
পোস্টে তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতা।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি, অর্জুন সিংকে অনতিবিলম্বে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’
এনসিপির আহ্বায়ক আরও বলেন, দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য দেওয়ার ৪৮ ঘণ্টা পার হলেও ভারত সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে।
নাহিদ ইসলামের অভিযোগ, অর্জুন সিংয়ের বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কূটনৈতিক উদ্যোগ দেখা যায়নি। সরকারের এমন নির্লিপ্ততা স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের সাহস ও সংগ্রামের ইতিহাস অর্জুন সিংদের অজানা। বিগত শাসনামলে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে ভারত যে একতরফা সুবিধা ভোগ করেছে, সেই পরিস্থিতি আর ফিরে আসবে না। দেশের ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাও বাংলাদেশের ওপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে প্রক্সি শক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা ভারতের অখণ্ডতাকেও বিপন্ন করতে পারে। বাংলাদেশের জনগণ ভারত রাষ্ট্রের বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
কুশল/সাএ
সর্বশেষ খবর