• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মোঃ মুসলেহ উদ্দিন
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ দুপুর

লকডাউন ঘিরে সীতাকুণ্ডে সতর্ক অবস্থান, রাজপথে বিএনপি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের (একাংশ) নেতাকর্মীরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। অন্যদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জোরদার করা হয়েছে টহল ও নজরদারি।

রবিবার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে সীতাকুণ্ড উত্তর বাজার থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাহউদ্দিনের নেতৃত্বে মিছিলটি সীতাকুণ্ড বাজার প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে উপজেলা গেট এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, এম সামসুদ্দৌহা, উপজেলা যুবদলের সভাপতি কাজী সেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, ইদ্রিস মিয়া মনির, সাহেদ আহাম্মেদ, আলমগীর ইমরান, নুর ইসলাম মেম্বার, মোজাম্মেল হক সমির, পৌর যুবদলের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক আবির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার বারৈয়াঢালা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা ও ভাটিয়ারীসহ বিভিন্ন ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাঁরা খণ্ড খণ্ড মিছিল বের করেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিহত করতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান তাঁরা।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাহউদ্দিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে তাঁরা সতর্ক রয়েছেন। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি করতে না পারে, সেদিকে নেতাকর্মীরা নজর রাখছেন।

এদিকে, গতকাল সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও টহল জোরদার করতে দেখা গেছে। বিভিন্ন স্থানে এসআরবি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যদের টহল দিতে দেখা যায়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়লেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি অব্যাহত রেখেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘সীতাকুণ্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছেন। কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।’

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]