• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
রাসেল শেখ
গাজিপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ দুপুর

গাজীপুরে অটোরিকশা চালক হত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালক জাহিদ রহমানকে (২০) অপহরণের পর গজারি বনের গহিনে নিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর। মামলার তদন্তভার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে পিবিআই। পাশাপাশি ছিনতাইকৃত অটোরিকশা বিক্রির নগদ ৩৮ হাজার ৫০০ টাকা এবং অটোরিকশার খণ্ডিত অংশবিশেষ উদ্ধার করা হয়। ​

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ইন্তাজ আলী ইন্তা (২৫), মো. হাবিবুল্লাহ (২৭), মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), মো. জাহাঙ্গীর ফকির (৪২) এবং ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে খলিল (৪০)। এদের মধ্যে তিনজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

​পিবিআইয়ের তদন্ত সূত্রে জানা যায়, নিহত জাহিদ ও আসামি ইন্তাজ পরস্পর পূর্বপরিচিত ছিলেন। নগদ টাকার প্রয়োজনে ইন্তাজ ও তার সহযোগীরা জাহিদকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখ মাগরিবের পর জাহিদ তার অটোরিকশা নিয়ে কাপাসিয়া থানার কেওয়া ঘাট থেকে যাত্রীসহ লতিফপুর-গোসিঙ্গার দিকে রওনা হন এবং রাতে আর বাড়িতে ফেরেননি। ​ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারি বন থেকে লাকড়ি আনার কথা বলে ইন্তাজ জাহিদকে অটোরিকশাসহ ডাকবাংলোর মোড়ে আসতে বলেন। আসামি হাবিবুল্লাহ আগে থেকেই দড়ি কিনে রেখেছিলেন। এরপর ইন্তাজ ও হাবিবুল্লাহ জাহিদের অটোরিকশায় উঠে গজারি বনে নিয়ে যান। সেখানে দড়ি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে এবং গলায় ফাঁস দিয়ে জাহিদকে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় আসামিরা।

পরদিন ২৬ নভেম্বর সকালে শ্রীপুর থানার সাভারচালা পশ্চিমপাড়ায় বন বিভাগের গজারি বাগানের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​পরবর্তীতে অটোরিকশাটি বিক্রির জন্য আসামি আলমের সাথে যোগাযোগ করা হয়। আলম, জাহাঙ্গীর ও খলিলের সহায়তায় অটোরিকশাটি বিক্রি করে আসামিরা টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।

​এ ঘটনায় নিহত জাহিদের বাবা হাবিবুর রহমান হবি (৫৫) বাদী হয়ে গত ২৭ নভেম্বর শ্রীপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা (নং-৫৪, ধারা-৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করেন। সিডিউলভুক্ত মামলা হওয়ায় ২৮ নভেম্বর পিবিআই গাজীপুর জেলা স্বতঃপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে। তদন্তভার নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এই পাঁচ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পিবিআই।

বর্তমানে মামলাটি তদন্ত করছেন পিবিআই গাজীপুর জেলার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. ফিরোজ উদ্দীন। ​ পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার (পিপিএম-সেবা) নিজ কার্যালয়ে রবিবার (২৯ নভেম্বর) সকালে প্রেসব্রিফিংয়ে বলেন, "একজন নিরীহ অটোরিকশা চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর। পিবিআই-এর পেশাদারিত্ব ও গোয়েন্দা তথ্যের দক্ষ ব্যবহারের মাধ্যমে আমরা ২৪ ঘণ্টার মধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনার মূল আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধার করতে পেরেছে বলেও জানান ঐ কর্মকর্তা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]