কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের পরিকল্পিত সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুয়াডাঙ্গা জেলা শাখা।
রবিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়। জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিক উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক বেলাল হোসেন।
সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে হাসান চত্বর, কোর্ট মোড়, সাহিত্য পরিষদ ও সরকারি কলেজের সামনে দিয়ে কবরী রোড প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’, ‘কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল রশিদ ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ বিশ্বাস মিন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলামসহ জেলা ও উপজেলা যুবদল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর