গুলশান হামলার ‘বড় হুজুর’ কাশেম গ্রেফতার

প্রকাশিত: ০৩ মার্চ ২০১৭, ১০:০০ এএম

ঢাকা: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের তাত্ত্বিক ও নব্য জেএমবির উত্তরবঙ্গের একটি মাদরাসার শিক্ষক মুফতি মাওলানা শায়খ আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা সূত্র মতে, রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার পরিকল্পনা সম্পর্কে অবহিত ছিলেন জেএমবির তাত্ত্বিক নেতা মুফতি মাওলানা শায়খ আবুল কাশেম। ওই হামলার পরিকল্পনাকারী শীর্ষস্থানীয় জঙ্গি তামিম চৌধুরী, সারোয়ার জাহান, নূরুল ইসলাম মারজান, রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলমসহ কয়েকজনের সঙ্গে একাধিক বার বৈঠকও করেছিলেন তিনি।

সূত্র জানায়, গুলশান হামলার ‘বড় হুজুর’ খ্যাত কাশেমের নাম বেশি আলোচনায় আসে। তবে এর আগেও তার নাম শুনেছেন গোয়েন্দারা। গত মাসে দুর্ধর্ষ জঙ্গি রাজীব গান্ধী গ্রেফতার হওয়ার পর তার স্বীকারোক্তিতে জেএমবির এই আধ্যাত্মিক নেতার বিষয়ে আদ্যোপান্ত জানতে পারেন গোয়েন্দারা।

ডিএমপির একটি গোয়েন্দা সূত্র জানায়, নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা আবুল কাশেমকে গ্রেফতার করতে জানুয়ারি মাস থেকে মাঠে নামেন গোয়েন্দারা। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় চলছে এ অভিযান। কিন্তু বার বার তিনি স্থান পরিবর্তন করছিলেন। যিনি গুলশান হামলার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি তাকে গোয়েন্দা জালে ফেলতে সক্ষম হন গোয়েন্দারা। তবে এর আগেও কয়েকবার গোয়েন্দা জাল ছিঁড়ে বেরিয়ে গেছেন তিনি। আশা করা যাচ্ছে, এবার শিগগিরই কাশেম গ্রেফতার হতে পারেন।

জানা যায়, নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরী ২০১৩ সালে কানাডা থেকে বাংলাদেশে আসার পর ২০১৪ সালের শুরুর দিকে মুফতি মাওলানা আবুল কাশেমের সঙ্গে বৈঠক করেন। তার গ্রামের বাড়ি উত্তরাঞ্চলে। কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত আবদুল্লাহ জেএমবি নেতা তামিম চৌধুরীকে মুফতি মাওলানা আবুল কাশেমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তার সঙ্গে তামিম চৌধুরীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় দিনাজপুরের রানির বন্দরের ওকরাবাড়ি মাদরাসায়। কাশেমের কাছে তার পরিকল্পনা জানান তামিম। এরপরই কাশেম সংগঠনের আধ্যাত্মিক নেতা হিসেবে যোগ দিতে রাজি হন। পরে তিনি পুরাতন ও নব্য জেএমবির সদস্যদের মধ্যে যোগসূত্র স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: