কিশোরগঞ্জে বাজিতপুর ও নিকলী উপজেলা বিএনপির ১৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই নেতারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করায় দল থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মাসুক মিয়া, এখলাসুর রহমান দুলাল, নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নিকলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হারুন অল কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক মেম্বার, বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম, মাইজচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও কৈলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ পর্যন্ত কিশোরগঞ্জে ৩৩ নেতাকে বহিষ্কার করল দলটি। এর মধ্যে নিকলী ও বাজিতপুর উপজেলাতেই বহিষ্কার হলেন ৩১ জন।
এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হওয়ায় কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে এবং ইকবালের পক্ষে কাজ করায় নিকলী ও বাজিতপুর উপজেলার ১৭ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, নিকলী ও বাজিতপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি'র প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে আসা সৈয়দ এহসানুল হুদাকে। এ আসনে শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের জন্য তিনি হাঁস প্রতীক পান। বাজিতপুর ও নিকলী উপজেলা বিএনপি'র বহিষ্কৃত নেতারা নির্বাচনে হাঁস প্রতীকের পক্ষে কাজ করছিলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে বিজ্ঞপ্তিতে তাদের স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে কিছু উল্লেখ না করলেও বলা হয়- দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকাযর জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর