বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) শোকজ করে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগের বিষয়ে তদন্তে বিলম্ব ও নিষ্ক্রিয়তার ব্যাখ্যা জানতে এই রুল জারি করা হয়েছে।
বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে—জাহানারা আলমের অভিযোগের পর বিসিবির নীরবতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না। একই সঙ্গে এ বিষয়ে বিসিবি কী ধরনের পদক্ষেপ নিয়েছে বা ভবিষ্যতে নেবে, সে সম্পর্কেও আদালতকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনের পক্ষে শুনানিতে আইনজীবীরা বলেন, কোনো গুরুতর অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নিশ্চুপ থাকে, তাহলে শুধু ভুক্তভোগীই নয়—বরং অন্যান্য সম্ভাব্য ভুক্তভোগীরাও ভয় বা অনাস্থার কারণে সামনে আসতে সাহস পান না। এতে ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব—তা শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, হাসপাতাল, কারখানা কিংবা ক্রীড়াঙ্গন যাই হোক না কেন। এ ধরনের অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক-ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা আলম। এরপর বিসিবি একাধিকবার তদন্ত কমিটি গঠন করলেও প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বারবার বাড়ানো হয়।
২ ডিসেম্বর প্রথম দফায় সময় বাড়িয়ে বিসিবি জানায়, জাহানারা আলম লিখিত অভিযোগ দিতে সময় চাওয়ায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও ১৫ দিন সময় দেওয়া হয়েছে। পরবর্তীতে ২১ ডিসেম্বর বিসিবি ঘোষণা দেয়, স্বাধীন তদন্ত কমিটি আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর