যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার ইঙ্গিতের পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম একদিনেই ৪ শতাংশের বেশি কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য যে ইরান গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত, তা বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে এবং জ্বালানি তেলের দামকে নিচে আনে।
লন্ডনের ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.৮১ ডলার বা ৪.১ শতাংশ কমে ৬৬.৫১ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ২.৭০ ডলার বা ৪.১ শতাংশ কমে ৬২.৫১ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে তেলের দাম ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে ট্রাম্পের আলোচনার প্রস্তুতির ঘোষণা এবং ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সামরিক মহড়ার কোনো পরিকল্পনা না থাকার খবর বাজারের চাপ কমিয়েছে। ফলে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব হ্রাস পেয়ে বিনিয়োগকারীরা লাভ নিয়ে বিক্রি শুরু করেছেন।
অপরদিকে, ওপেক প্লাস জোট মার্চ মাসে তেল উৎপাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং দুর্বল মৌসুমি চাহিদার কারণে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা স্থগিত রেখেছে।
বিশ্লেষকরা মনে করেন, যদিও সাময়িক ভূরাজনৈতিক ঝুঁকি থেকে মূল্য ওঠানামা করবে, তেলের বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকার কারণে দীর্ঘমেয়াদে দাম কমে থাকার চাপ থাকতে পারে।
সূত্র : রয়টার্স
কুশল/সাএ
সর্বশেষ খবর