নীলফামারীর সৈয়দপুরে আসামি ধরতে এসে ভুয়া পুলিশ সন্দেহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলার জিকরুল হক রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পিবিআই পরিচয়ে কয়েকজন সদস্য মহসিন নামে এক ব্যক্তিকে আটক করেন। আটক হওয়ার সময় ওই ব্যক্তি ‘ভুয়া ডিবি পুলিশ’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশের গাড়িটি ঘিরে ফেলে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা গাড়িতে থাকা পিবিআই সদস্যদের মারধর করে এবং গাড়িটি ভাঙচুর করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল সৈয়দপুর থানা এলাকায় মহসিন নামে এক আসামিকে আটক করে। এ সময় তিনি নিজেকে ভুয়া পুলিশ ধরে নেওয়ার জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে পিবিআই সদস্যদের ওপর হামলা চালায়।
তিনি আরও জানান, এ ঘটনায় গাড়িচালকসহ দুইজন পিবিআই সদস্য আহত হয়েছেন। হামলার সময় পুলিশের সাদা মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। ওই সুযোগে আটক আসামি পালিয়ে যায়। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিবিআই সদস্যদের উদ্ধার করে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর