২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ মিনিটে দ্বিতীয় এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
ইএমএসসির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল নির্ধারণ করা হয়েছে ২০ দশমিক ৫১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩ দশমিক ৯৩২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৯৮ কিলোমিটার পশ্চিমে।
এর আগে একই দিন রাত ৯টা ৩৪ মিনিটে মিয়ানমারে রিখটার স্কেলে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার কম্পন বাংলাদেশসহ আশপাশের অঞ্চলেও টের পাওয়া যায়।
স্বল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় দফা ভূমিকম্পে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ।
সাজু/নিএ
সর্বশেষ খবর