ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইটরাইডার্স (কেকেআর)। তবে ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরোধিতার মুখে পড়ে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে শেষ পর্যন্ত মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। একজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
এই ঘটনার প্রভাব পড়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলকে ভারতে গিয়ে খেলতে রাজি করানোর চেষ্টা চালালেও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে।
বাংলাদেশ শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দাবি জানায়—পাকিস্তানের মডেল অনুসরণ করে। তবে আইসিসি বাংলাদেশের এই প্রস্তাব নাকচ করে দেয় এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দলকে বাদ দেওয়া হয়।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করে পাকিস্তান। প্রতিবেশী দেশটি ঘোষণা দেয়, তারা বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না। এতে করে আইসিসির সামনে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা দেখা দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬ হাজার ১২০ কোটি টাকারও বেশি।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে মোস্তাফিজুর রহমান খেললে তার প্রাপ্তি হতো মাত্র ৯ কোটি রুপি। অথচ তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে এবং বিষয়টি সঠিকভাবে সামাল না দিতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট এখন হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর