টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান না খেললে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে শুধু আইসিসিই নয়, শ্রীলঙ্কাও। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা এই বহুল আলোচিত ম্যাচটি।
ম্যাচটি না হলে বোর্ডের আর্থিক ক্ষতি এবং দেশের পর্যটনশিল্পে সম্ভাব্য নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে গত পরশু রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ধারণা করা হচ্ছে, পাকিস্তানকে সিদ্ধান্ত বদলাতে রাজি করানোর এটি আইসিসিরই একটি কৌশল।
তবে সেই চেষ্টা সফল হয়নি। কৌশলী জবাব দিয়ে পিসিবি জানিয়ে দিয়েছে, শ্রীলঙ্কার অনুরোধ তারা রাখতে পারছে না।
বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ক্ষমতা বোর্ডের নেই বলেও স্পষ্ট করেছে পিসিবি।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘হ্যাঁ, আমরা চিঠিটি পেয়েছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত তো আমরা বদলাতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে। শ্রীলংকা আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু এখানে বোর্ডের কিছু করার নেই।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর