কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
অভিযানটি মঙ্গলবার রাত ২টার দিকে বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। অভিযানে আটক হন স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু ওরফে জুলু ডাকাতের পুত্র আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর একজন বাঙালি।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র প্রদর্শনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করছিল। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর সামনে তাদের অপতৎপরতা রোধ করতেই অভিযানটি পরিচালিত হয়েছে।
অভিযানকালে উদ্ধারকৃত সামগ্রীতে রয়েছে:
১টি বিদেশি পিস্তল
১টি একে-২২ রাইফেল
১টি দেশীয় পিস্তল
২টি একনলা বন্দুক
২টি দেশীয় ধারালো অস্ত্র
১টি পিস্তলের ম্যাগাজিন
২টি রাইফেলের ম্যাগাজিন
৪ রাউন্ড পিস্তল গুলি
৮৯ রাউন্ড রাইফেল গুলি
২টি কার্তুজ
২টি ওয়াকি-টকি সেট
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সমস্ত উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর