বাগেরহাট-৪ আসনের শরণখোলার সোনাতলা এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামায়াত-সমর্থিত সাব্বির, আরিফ, তারিকুল, হাফিজুর, সাইফুল, সোবাহান, কামরুল, নাজমা বেগম, ফরিদা বেগম ও নাজমুল রয়েছেন। অপরদিকে বিএনপি-সমর্থিত আহতরা হলেন সিদ্দিক (৪০), বাদল (২৯), রফিকুল, মিজান ও ফারুক।
এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, এর আগের রাত বুধবার বাগেরহাট-১ আসনের সদর উপজেলার বারুইপাড়া এলাকায় ভোটারদের টাকা দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়। এতে উভয় দলের অন্তত ৮ জন আহত হন।
জামায়াত-সমর্থিত আহতরা হলেন তুহিন, হাবিব, মোস্তফা, শিমুল, হাসিবুল ও আলী মল্লিক। বিএনপি-সমর্থিত আহতদের মধ্যে রয়েছেন ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বারুইপাড়া ও শরণখোলার এই হতাহতের ঘটনা ছাড়া বাগেরহাট জেলার ৫৪৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন জানান, নির্বাচন চলাকালীন স্মরণ খোলায় দুপক্ষের হামলার ঘটনায় ৬ জন আহত হওয়া ছাড়া শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাটে নির্বাচন সম্পন্ন হয়েছে। বাগেরহাটে ৫২ থেকে ৫৫ শতাংশ ভোট প্রাথমিকভাবে কাস্টিং হয়েছে বলে জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর