ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলা-র চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, চারটির মধ্যে তিনটিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা এবং একটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফল জানা যায়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ-১ (শৈলকুপা): এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। জয়ের ব্যবধান ১ লাখ ১৬ হাজার ২১ ভোট। মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।
ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু): এ আসনে জামায়াতের প্রার্থী আলী আজম মো. আবু বকর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৯৩ হাজার ৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মো. আব্দুল মজিদ পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৬ হাজার ৬৩২ জন।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর): জামায়াতের প্রার্থী মাওলানা মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭২ হাজার ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেহেদী হাসান রনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৮২ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৩১ হাজার ১৫ জন।
ঝিনাইদহ-৪ (সদরের আংশিক ও কালীগঞ্জ): এ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মো. আবু তালিব দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫ হাজার ৭৫০ ভোট এবং ধানের শীষ প্রতীকের রাশেদ খাঁন পেয়েছেন ৫৫ হাজার ৬৭০ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ জন।
উল্লেখ্য, জেলার চারটি আসনেই ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলায় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর