কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হোসেনপুর থানার কনস্টেবল নজরুল ইসলাম (৫২) মারা গেছেন। তিনি টাঙ্গাইল জেলাের গোপালগঞ্জ থানার শিমলা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিন পুলিশ সদস্য, আসামী ও সিএনজি চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় পুলিশের বহনকারী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম গুরুতর আহত হন। আহত অন্যরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
দুর্ঘটনার পর গুরুতর আহত নজরুল ইসলামকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রবিবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর