কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের রেল সড়কের পাশে কৃষিজমি থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এসময় ঘটনাস্থল থেকে মাটিবাহী একটি ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ করা হয়। তবে অভিযানে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২২ ফেব্রুয়ারি) আজ রাত ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ট্রাক রেখে পালিয়ে যায় বলে জানা গেছে।
এদিকে একই রাতে কালিকাপুর-বুড়িচং সড়কে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সুজন নামের এক মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বুড়িচং থানার এসআই মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাকশীমূল ইউনিয়নের সীমান্তবর্তী আনন্দপুর সরকারি জায়গাসহ বিভিন্ন এলাকায় কৃষিজমির মাটি কেটে একটি চক্র ইটভাটায় সরবরাহ করছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এছাড়া মাটিবাহী ট্রলি ও ড্রাম ট্রাক চলাচলের কারণে কাঁচা ও পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বুড়িচং উপজেলার এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে মাটিবোঝাই ট্রলি ও ট্রাক বিভিন্ন সড়কে চলাচল করছে। আমরা বাধা দিলেও তারা থামছে না। এসব ভারী যানবাহনের কারণে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে এবং রাতে ট্রাক চলাচলে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটছে।
ইউএনও তানভীর হোসেন বলেন, খননযন্ত্র দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি করার কোনো বৈধতা নেই। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর