দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বাগেরহাটের শরণখোলায় ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তার আগেই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
এ বিষয়ে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়ে দলীয় কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর