পবিত্র মাহে রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইফতার। সারাদিন সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে রোজা ভাঙাই হলো ইফতার। এটি কেবল খাবার গ্রহণের বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং প্রিয়নবী (সা.)-এর সুন্নত। ইফতারের ফজিলত, সময় এবং আদব সম্পর্কে বহু হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে। নিচে ইফতার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস তুলে ধরা হলো—
১. রোজাদারকে ইফতার করানোর ফজিলত
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا
‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। তবে রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না।’ (তিরমিজি ৮০৭, বায়হাকি)
২. সামান্য খাবারেও পূর্ণ সওয়াব
সামান্য খাবার দিয়েও ইফতার করালে সওয়াব পাওয়া যায়। দীর্ঘ এক হাদিসে এসেছে—
عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ ﷺ فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ، فَقَالَ
«يَا أَيُّهَا النَّاسُ، قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ مُبَارَكٌ، شَهْرٌ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، جَعَلَ اللَّهُ صِيَامَهُ فَرِيضَةً، وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا، مَنْ تَقَرَّبَ فِيهِ بِخَصْلَةٍ مِنَ الْخَيْرِ كَانَ كَمَنْ أَدَّى فَرِيضَةً فِيمَا سِوَاهُ، وَمَنْ أَدَّى فِيهِ فَرِيضَةً كَانَ كَمَنْ أَدَّى سَبْعِينَ فَرِيضَةً فِيمَا سِوَاهُ، وَهُوَ شَهْرُ الصَّبْرِ، وَالصَّبْرُ ثَوَابُهُ الْجَنَّةُ، وَشَهْرُ الْمُوَاسَاةِ، وَشَهْرٌ يُزَادُ فِيهِ رِزْقُ الْمُؤْمِنِ، مَنْ فَطَّرَ فِيهِ صَائِمًا كَانَ مَغْفِرَةً لِذُنُوبِهِ، وَعِتْقَ رَقَبَتِهِ مِنَ النَّارِ، وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْءٌ» قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، لَيْسَ كُلُّنَا يَجِدُ مَا يُفَطِّرُ الصَّائِمَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «يُعْطِي اللَّهُ هَذَا الثَّوَابَ مَنْ فَطَّرَ صَائِمًا عَلَى تَمْرَةٍ، أَوْ شَرْبَةِ مَاءٍ، أَوْ مَذْقَةِ لَبَنٍ»
সাহাবি সালমান ফারসি (রা.) বলেন, শাবান মাসের শেষ দিনে রাসুলুল্লাহ ﷺ আমাদের উদ্দেশে ভাষণ দিয়ে বললেন— ‘হে মানুষ! তোমাদের কাছে একটি মহান ও বরকতময় মাস উপস্থিত হয়েছে। এই মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ এ মাসের রোজা ফরজ করেছেন এবং রাতের নামাজ নফল করেছেন। যে ব্যক্তি এ মাসে একটি নেক কাজ করে, সে অন্য সময় একটি ফরজ আদায়ের সমান সওয়াব পায়। আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করে, সে অন্য সময় সত্তরটি ফরজ আদায়ের সমান সওয়াব পায়। এ মাস ধৈর্যের মাস এবং ধৈর্যের প্রতিদান জান্নাত। এটি সহমর্মিতার মাস এবং এ মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করায়, তার গুনাহ মাফ করা হয়, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পায়, অথচ রোজাদারের সওয়াব কমানো হয় না। আমরা বললাম— হে আল্লাহর রাসুল! আমাদের সবার পক্ষে তো ইফতার করানো সম্ভব নয়। রাসুলুল্লাহ (সা.) বললেন— ‘আল্লাহ এই সওয়াব সেই ব্যক্তিকেও দান করেন, যে একটি খেজুর, এক চুমুক পানি অথবা সামান্য দুধ দিয়েও রোজাদারকে ইফতার করায়।’ (ইবনে মাজাহ ১৬৪২, ইবনে খুযাইমা ১৮৮৭, বায়হাকি)
৩. দ্রুত ইফতার করার ফজিলত
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ
‘মানুষ ততদিন কল্যাণের ওপর থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার করবে।’ (বুখারি ১৯৫৭, মুসলিম ১০৯৮)
৪. সময়মতো ইফতার আল্লাহর কাছে প্রিয়
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِنَّ أَحَبَّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا
‘আমার কাছে সবচেয়ে প্রিয় সেই বান্দা, যে দ্রুত ইফতার করে।’ (তিরমিজি ৭০০)
৫. সূর্যাস্ত হলেই ইফতার
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِذَا أَقْبَلَ اللَّيْلُ مِنْ هَا هُنَا وَأَدْبَرَ النَّهَارُ مِنْ هَا هُنَا وَغَرَبَتِ الشَّمْسُ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ
‘যখন পূর্ব দিক থেকে রাত আসে, পশ্চিম দিক থেকে দিন চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতার করবে।’ (বুখারি ১৯৫৪, মুসলিম ১১০০)
৬. খেজুর বা পানি দিয়ে ইফতার করা সুন্নত
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنْ لَمْ يَجِدْ فَعَلَى مَاءٍ فَإِنَّهُ طَهُورٌ
‘তোমাদের কেউ ইফতার করলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। তা না পেলে পানি দিয়ে ইফতার করবে, কারণ পানি পবিত্র।’ (তিরমিজি ৬৯৪, আবু দাউদ ২৩৫৫)
৭. ইফতারের সময় রোজাদারের আনন্দ
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ
‘রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে— একটি ইফতারের সময় এবং অন্যটি তার প্রভুর সাক্ষাতের সময়।’ (বুখারি ১৯০৪)
৮. ইফতারের সময় দোয়া কবুল
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِنَّ لِلصَّائِمِ عِنْدَ فِطْرِهِ دَعْوَةً لَا تُرَدُّ
‘রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না।’ (ইবনে মাজাহ ১৭৫৩, আত-তারগীব ওয়াত-তারহীব)
৯. রোজাদারের দোয়া কবুল হয়
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
ثَلَاثُ دَعَوَاتٍ لَا تُرَدُّ: دَعْوَةُ الصَّائِمِ وَدَعْوَةُ الْإِمَامِ الْعَادِلِ وَدَعْوَةُ الْمَظْلُومِ
‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না— রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া।’ (ইবনে মাজাহ ১৭৫২)
১০. রোজাদারকে পানি পান করানোর ফজিলত
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
‘যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করায়, আল্লাহ তাকে জান্নাতে এমন পানীয় পান করাবেন যার পর সে আর কখনো তৃষ্ণার্ত হবে না।’ (কানযুল উম্মাল ২৩৬৬০)
ইফতারের দোয়া
ইফতারের আগে বা পরে এ দোয়া পড়া মুস্তাহাব—
اللَّهُمَّ إِنِّي لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
‘হে আল্লাহ! আমি আপনার জন্য রোজা রেখেছি, আপনার ওপর ঈমান এনেছি, আপনার ওপর ভরসা করেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি।’
রমজানে ইফতার শুধু ব্যক্তিগত ইবাদত নয়; এটি মুসলিম ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার এক সুন্দর নিদর্শন। সময়মতো ইফতার করা এবং অন্যকে ইফতার করানো আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আমাদের উচিত সুন্নত অনুযায়ী ইফতার করা, বেশি বেশি দোয়া করা এবং অসহায় ও রোজাদারদের ইফতার করিয়ে রমজানের বরকত লাভ করা।
কুশল/সাএ
সর্বশেষ খবর