বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম ও পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। আগামী ২২ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন। সফর শেষে ২৮ নভেম্বর তাঁর পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে।
রোববার (১ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি জানান, আগামী ২২ নভেম্বর রোববার বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। এ সম্মেলন ছাড়াও সফরকালে তিনি আরও কয়েকটি ধর্মীয় সম্মেলনে অংশ নেবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের এ মহাসম্মেলনে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীও উপস্থিত থাকবেন। তিনি পাকিস্তানের খাইরুল মাদারিস, মুলতানের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকি উসমানি মুসলিম বিশ্বের একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, ফকিহ ও শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তাঁর বাংলাদেশ সফরকে ঘিরে ধর্মীয় অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর