খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার সহ এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম হাবিব উল্লাহ প্রকাশ রাশেদ (৪৬)। তিনি ফটিকছড়ির ধর্মপুর এলাকার মো. নুরুল ইসলাম এর ছেলে। সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, খাগড়াছড়ি সদর হাসপাতালের ইন্টার্ন মিরিন দেওয়ান (২৮) গত ২৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে তার ব্যবহৃত কালো রঙের ইয়ামাহা কোম্পানির ১৫০ সিসির একটি মোটরসাইকেল খাগড়াছড়ি সদর হাসপাতালের সামনে রেখে দায়িত্ব পালনের জন্য ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে আনুমানিক ১১টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে ১নং গেইটে এসে তিনি দেখেন, তার মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে নেই। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে খাগড়াছড়ি সদর থানাধীন জিরোমাইল এলাকায় অবস্থিত পার্ক সাইড হাসপাতালের লোকজনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ হাবিব উল্লাহ প্রকাশ রাশেদ (৪৬)কে চোরাইকৃত মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ইনস্পেক্টর মো. ইসমাইল হোসেন বলেন, আটক আসামি একটি মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর