মানিকগঞ্জের শিবালয়ে ‘সেলফি পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার অভিযোগে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে চাঁদা তোলার সময় সাড়ে ১৫’শ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে শিবালয় থানা পুলিশ।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, সোমবার সকালে উথুলী-পাটুরিয়া সংযোগ মোড়ে প্রতিদিনের মতো সেলফি পরিবহনের লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিজানুর রহমান। এ সময় সুব্রত বিশ্বাসসহ অজ্ঞাত তিন-চারজন ব্যক্তি এসে তার কাছ থেকে বাস কাউন্টারের প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তাকে সেখানে ডিউটি না করতে বলে।
অভিযোগ রয়েছে, এরপর সুব্রতসহ অন্যরা প্রতি সেলফি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তুলতে শুরু করে। বিষয়টি লাইনম্যান মিজানুর রহমান কোম্পানির ম্যানেজারকে জানান। পরে কোম্পানির পক্ষ থেকে থানায় অবহিত করলে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সুব্রত বিশ্বাসকে আটক করে। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
সেলফি পরিবহন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মো. সবুর খান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে দেড় শতাধিক সেলফি পরিবহনের বাস চলাচল করে। তিনি মোবাইলে অভিযুক্তদের এমন কাজ না করার অনুরোধ করেছিলেন। কিন্তু তারা উল্টো লাইনম্যান ও তার সঙ্গে অসদাচরণ করে এবং প্রতি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তোলে। পরে বাধ্য হয়ে পুলিশকে জানানো হয়।
উথুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান সরকার টুটুল বলেন, চাঁদাবাজির বিষয়টি তিনি পুলিশের মাধ্যমে জেনেছেন। সুব্রত তার কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন। দল কোনোভাবেই চাঁদাবাজিকে সমর্থন করে না উল্লেখ করে তিনি জানান, উপজেলা ও জেলা নেতাদের সঙ্গে আলোচনা করে তদন্তপূর্বক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বাসে চাঁদা তোলার অভিযোগে সুব্রত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর