ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে প্রস্তাবটি রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে এবং পরে প্রজ্ঞাপন জারি করা হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, সম্ভাব্য নতুন গভর্নর বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এদিন দুপুর পৌনে দুইটার দিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অপেক্ষা করুন। এখনই কিছু বলতে চাইছি না। কিছু হলে জানতে পারবেন।”
এদিকে, দুপুর ২টার দিকে আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যেতে দেখা যায়। তিনি সাংবাদিকদের বলেন, “আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি। গণমাধ্যমে দেখেছি, তাই আমি বাসায় চলে যাচ্ছি।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার-এর স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে আহসান এইচ মনসুর দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন গভর্নর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, আহসান এইচ মনসুরকে সরানোর দাবিতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ ও বদলি করা হলে তা প্রত্যাহারের দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দাবিগুলো না মানা হলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম-বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মীরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর