পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ প্রক্রিয়া শুরু হয়।
শুক্রবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম চ্যানেল টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, আল্লাহর রহমতে দুপুর ১২টায় দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রিত শক্তি উৎপাদন প্রক্রিয়া বা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
এই পর্যায়ে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া তৈরি করা হয়। এর মাধ্যমে পারমাণবিক চুল্লিতে ধীরে ধীরে নিয়ন্ত্রিত ও স্থিতিশীলভাবে শক্তি উৎপাদন শুরু হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘স্টেজ বি-১’ পর্যায়ের কাজ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে।
এরপর শুরু হয়েছে ‘বি-২’ পর্যায়ের কার্যক্রম। এ ধাপে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় ক্রিটিক্যালিটি বা স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক চেইন রিঅ্যাকশন প্রক্রিয়া।
পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। গত বৃহস্পতিবার দেশটির পরমাণু শক্তি সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু এবং দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ—দুই অগ্রগতির মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে নতুন ধাপ যুক্ত হলো।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর