রাজধানীর হাজারীবাগে শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রী হত্যার ঘটনায় পুলিশ সিয়াম নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানার হায়দার হোটেলের গলিতে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজে এই হামলার দৃশ্য ধরা পড়ে।
ফুটেজে দেখা যায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে বিন্তি হায়দার হোটেলের গলি ধরে এক তরুণের সঙ্গে হাঁটছিল। কিছুক্ষণ পর পাশের অন্ধকার গলি থেকে বিন্তির রক্তাক্ত চিৎকার শোনা যায়, যার পর প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছান।
তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পৌঁছে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিন্তির বাবা বেল্লাল হোসেন জানান, ‘বুধবার রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে সঙ্গে নিয়ে বাইরে যায়। কিছুক্ষণ পর হৈচৈ শুনে তিনি বাসার নিচে নামেন এবং দেখেন তার মেয়ে কুপিয়ে আহত অবস্থায় পড়ে আছে।’
মা নাদিয়া বলেন, ‘রাতে বিন্তি ও তার ভাই নাবিল নিচে নামে। সবজি কিনে বোনকে বাসার নিচে এগিয়ে দিয়ে নাবিল মসজিদে চলে যায়।
এরপর হৈচৈ শুনে নিচে নেমে দেখি, বিন্তিকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে।’
এ সময় সিয়াম নামে এক তরুণ বিন্তিকে কুপিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘তিন-চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে বিন্তিকে বিরক্ত করত। এক দিন আমি তাকে মোবাইল ফোনে বকাবকি করি। আজ আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বিন্তির কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে এই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর