বিশ্বকাপের সেমিফাইনালের মুখে ভারতীয় দলের জন্য এসেছে দুঃসংবাদ। দলের খেলোয়াড় রিংকু সিং-এর বাবা খানচাদ সিং আর নেই। আজ শুক্রবার ভোরে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার এই তথ্য নিশ্চিত করেছে।
খানচাদ সিং দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন এবং গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালের মুখপাত্র ডা. সুনীল কুমার জানান, ‘গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ২১ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
বাবার অসুস্থতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন রিংকুকে মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছিল। পরে ২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি পুনরায় দলের সঙ্গে যোগ দেন। এর আগে নয়ডায় গিয়ে তিনি বাবার সঙ্গে দেখা করেছিলেন।
রিংকুর সাবেক কোচ মাসুদ আমিনি পিটিআইকে জানান, ‘তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। তার লিভার ক্যানসার ছিল এবং শেষ তিন থেকে চার দিন ভেন্টিলেটরে ছিলেন।’
আমিনি আরও বলেন, ‘পরিবার চালাতে তিনি খুব কষ্ট করেছেন। তিনি গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ দিয়ে শুরু করেছিলেন। পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেছেন।’
২৮ বছর বয়সী রিংকু উত্তর প্রদেশের আলিগড় জেলার বাসিন্দা। নিজের সাফল্যের বড় কৃতিত্ব তিনি বাবাকেই দেন। খানচাদ সিং আলিগড়ে গ্যাস সিলিন্ডার বিতরণের কাজ করতেন। আর্থিক কষ্টের মধ্যেও তিনি ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন দিয়েছেন।
পরিবার জানিয়েছে, খানচাদ সিংয়ের শেষকৃত্য আলিগড়েই সম্পন্ন হবে। রিংকু সেখানে উপস্থিত থাকবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর