পাকিস্তান ও আফগানিস্তানের মধ্য ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সহিংসতা বাড়তে থাকায় মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। এ সহিংসতার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে বলে মহাসচিব মনে করেন। তাই তিনি সংঘাত বন্ধ করতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক উপায়ে মতবিরোধ দূর করতে আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার পাকিস্তান বিমান হামলা শুরু করলে পাল্টা হামলা চালায় কাবুল। ফলে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয় দু’দেশের মধ্যে। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৯৭ জন তালেবান সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে আফগানিস্তানও অর্ধশতাধিক পাকিস্তানি সেনার মৃত্যুর তথ্য দিয়েছে। এখনও থেমে থেমে চলমান রয়েছে হামলা ও পাল্টা হামলা।
এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে।’ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে হস্তক্ষেপ করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি করতেও পারি। আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, খুবই ভালো।’
মাসুম/সাএ
সর্বশেষ খবর