• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৫৭ সেকেন্ড পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৩:৫৯ দুপুর

গ্রাম বাংলার অপরূপ শোভা ভাট গাছ: লোকজ চিকিৎসার অনবদ্য মেলবন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিকভাবে জন্মানো বিভিন্ন গাছের মধ্যে ভাট গাছ একটি পরিচিত উদ্ভিদ। রাস্তার ধারে, পতিত জমিতে, ঝোপঝাড়ে ও বনভূমির প্রান্তে এই গাছ সহজেই চোখে পড়ে এবং এটি পরিচর্যা ছাড়াই প্রকৃতিতে বেড়ে ওঠে। এই গাছ ও এর ফুল প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং লোকজ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাম বাংলার ভাট গাছের সৌন্দর্যে মুগ্ধ হন প্রকৃতিপ্রেমীরা।

উদ্ভিদ বিজ্ঞানীদের মতে, ভাট গাছের বৈজ্ঞানিক নাম Clerodendrun in Fortunatun এবং এটি Lamiaceae পরিবারের অন্তর্ভুক্ত একটি সপুষ্পক ঝোপ জাতীয় উদ্ভিদ। সাধারণত গাছটি তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়। এর কাণ্ড সবুজাভ ও শক্ত প্রকৃতির। পাতা বড় ডিম্বাকার এবং কিছুটা রুক্ষ। পাতায় এক প্রকার তীব্র গন্ধ রয়েছে। ভাট গাছের ফুল সাদা ও হালকা গোলাপি আভাযুক্ত এবং গুচ্ছাকারে ফোটে। ফুলের মাঝখানে লম্বা পুংকেশর বেরিয়ে থাকে যা দেখতে খুব আকর্ষণীয়। ভাটফল প্রথমে সবুজ এবং পাকার পর নীলচে কালো রং ধারণ করে।

ভাট গাছে সাধারণত বর্ষাকাল থেকে শরৎকাল পর্যন্ত ফুল ফোটে। বিশেষ করে জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে এর ফুল বেশি দেখা যায়। তবে স্থান ও পরিবেশগত কারণে জানুয়ারি থেকে মার্চ মাসেও ভাটগাছে ফুল ফুটতে দেখা যায়। ফুল ফোটার সময় গাছটি অত্যন্ত দৃষ্টিনন্দন হয়ে ওঠে। সবুজ পাতার মাঝে সাদা ফুল প্রকৃতিতে এক মনোরম দৃশ্যের সৃষ্টি করে। প্রজাপতি ও মৌমাছি এই ফুলের মধু সংগ্রহ করতে আসে, ফলে জীববৈচিত্র্য রক্ষায়ও ভাটগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লোকজ চিকিৎসায় ভাট গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। এর পাতা চর্মরোগ ও ক্ষত নিরাময়ে কাজে লাগে। মূল জ্বর, পেট ব্যথা ও কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়। পাতার রস ও পেস্ট বাত ব্যথা উপশমে ব্যবহারের প্রচলন রয়েছে।

পরিবেশগত দিক দিয়েও ভাট গাছের গুরুত্ব অপরিসীম। এটি মাটি ক্ষয় রোধে সহায়তা করে এবং ছোট প্রাণীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে থাকে। ভাট গাছ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। সর্বোপিরি ভাটগাছ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। এটি যেমন প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি মানুষের উপকারেও আসে। তাই এই গাছ সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে আমাদের এই প্রাকৃতিক অমূল্য সম্পদ ভাট গাছ রক্ষা করা উচিত।

ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক সহকারী শিক্ষা অফিসার রেনেন্থেরা সুলতানা বলেন, "শিক্ষার্থীদের প্রাকৃতিক পরিবেশ ও দেশীয় উদ্ভিদ সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি। ভাট গাছের মতো দেশীয় উদ্ভিদ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্যও উপকারী। বিদ্যালয় পর্যায়ে পরিবেশ শিক্ষা কার্যক্রমে এসব গাছের গুরুত্ব তুলে ধরা উচিত।"

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, "আমাদের গ্রামের অনেক প্রাকৃতিক উদ্ভিদ আজ অবহেলায় হারিয়ে যাচ্ছে। ভাট গাছ তার মধ্যে অন্যতম। এই ঔষধি গুণ সম্পন্ন ভাট গাছ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা করা সম্ভব হবে।"

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com