• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১১:২০ রাত

ডাকসুর উদ্যোগে ১২শ নারী শিক্ষার্থী নিয়ে গণ ইফতার মাহফিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্যকে ধারণ করে আয়োজিত এ গণ ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন হল ও বিভাগের ১২০০ জন নারী শিক্ষার্থী।

রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে এ গণ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলকে ঘিরে নারী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কার্জন হল প্রাঙ্গণ।

আয়োজিত এ ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা। তিনি বলেন, ‘রমজানের আত্মিক আবহে একসঙ্গে ইফতার করার এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতিকে আরও দৃঢ় করবে।

শুভেচ্ছা বক্তব্যে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, গণ ইফতারকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীদের একটা হিউজ সাড়া ছিল। সবাইকে নিয়ে আমরা আয়োজন করতে পারলে আমাদের ভালো লাগত। তবে, ফান্ড থেকে শুরু করে সার্বিক ম্যানেজমেন্টের সুবিধার্থে আমরা ১২০০ নারী শিক্ষার্থীর বাইরে যেতে পারিনি। আমাদের ইচ্ছা আছে, আমরা আরো শিক্ষার্থীদেরকে নিয়ে এরকম আয়োজন করতে চাই এবং ডাকসুর সকল কাজে নারী শিক্ষার্থীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশী। সবাইকে নিয়ে আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়ার জন্য কাজ করে যাচ্ছি। সকলের কাছে দোয়া চাই এবং আমাদের আয়োজনে যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. মিফতাহুল হোসাইন আল মারুফের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএস এসএম ফরহাদ।

ডাকসুর জিএস এসএম ফরহাদ হোসেন বলেন, রমজানে ভালো কাজের সওয়াব বহু গুণে বৃদ্ধি করা হয়। একটি ছোট আমলও বহুগুণ সওয়াবের কারণ হতে পারে। তাই এ মাসে ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত সর্বোচ্চ মাত্রায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এ রমজানে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন। তখনই আমাদের রমজান সফল হবে, যদি আমরা নারী-পুরুষ, প্রত্যেক শিক্ষার্থী আল্লাহর ক্ষমা অর্জন করতে পারি। আমরা চাই আল্লাহ আমাদের ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পরিবার। আমরা সবাই এই পরিবারের অংশ। সমাজে অনেকের সম্পদ আছে, কিন্তু সবার ভাগ্যে সেহরি বা ইফতার করানোর তৌফিক হয় না। তাই আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের এমন সামর্থ্য দান করেন, যাতে আমরা আমাদের বন্ধু, প্রতিবেশী ও সহপাঠীদের সেহরি ও ইফতার করাতে পারি এবং ভালো কাজে আহ্বান করতে পারি।

তিনি বলেন, ডাকসুর পক্ষ থেকে নির্বাচনের সময় আমরা যে ইশতেহার দিয়েছি, হলগুলোতে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে যে পরামর্শ পেয়েছি, আমরা সে অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ, ইশতেহার বাস্তবায়ন তো হবেই, বরং তার চেয়েও বহুগুণ বেশি কাজ আমরা করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, পরামর্শ দেবেন। ভুল করলে সংশোধন করবেন, সমালোচনা করবেন। আর ভালো কাজ করলে উৎসাহ দেবেন। আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা আমাদের স্বপ্নের নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হাইদার, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ক্যারিয়ার উন্নায়ন সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন, মিফতাহুল হোসেন মারুফ,হেমা চাকমা, উম্মে উসওয়াতুন রাফিয়া, সাবিকুন্নাহার তামান্না, বেলাল হোসেন অপু, তাজিনুর রহমান সহ বিভিন্ন হল সংসদ ও অন্যান্য নেতৃবৃন্দ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com