ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল এবং শিবিরের মাঝে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এসময় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের পর জেলায় জেলায় আওয়ামীলীগের অফিস খুলে দেওয়া হচ্ছে। নির্বাচনের পর ক্যাম্পাসে ছাত্রলীগের আনাগোনা বেড়ে গেছে। আমরা আগে দেখেছি, আগে বিএনপি-ছাত্রদল নিজেদের মধ্যে মারামারি করত। এখন তারা ক্যাম্পাসে ছাত্রদের উপর হামলা করতে শুরু করেছে। তারা হামলা করে হামলার দায় শিবিরের উপর চাপিয়ে দিয়েছে। আমরা পূর্বেও দেখেছি, সংবাদ সম্মেলনে তাদের শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার কথা বলতে। গতকাল আমরা তারই পুনরাবৃত্তি হতে দেখলাম।
শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক বলেন, রমজানে শয়তান তার কাজ বন্ধ রাখলেও ছাত্রদল তার কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে। আপনারা আমাদের প্রতিবাদকে মব বলে চালিয়ে দিলেও আমরা কিন্তু রাজপথ ছাড়ছি না। আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে যাবো।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন খান, ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. শাহিনুর রহমান। এছাড়াও সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর