সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সরকার। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত করা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে ব্যক্তিগত বা দাপ্তরিক বিভিন্ন কর্মসূচিতে—যেমন সেমিনার, প্রশিক্ষণ, ব্যাংক বা হাসপাতালে গমন—অংশ নেওয়ার কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। ফলে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যাহত হয় এবং প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। এ পরিস্থিতি এড়াতেই সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সবাইকে অফিসে অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এই ৪০ মিনিট সময় যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও জেলখানার মতো জরুরি সেবায় রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। পাশাপাশি ভিভিআইপি প্রটোকল বা আকস্মিক বড় কোনো দুর্ঘটনা মোকাবেলার মতো জরুরি পরিস্থিতিতে এ নিয়ম শিথিলযোগ্য হবে বলেও পরিপত্রে উল্লেখ রয়েছে।
পরিপত্রে আরও কঠোরভাবে বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা দাপ্তরিক কাজ ছাড়া কোনো অবস্থাতেই অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ করা যাবে না।
উল্লেখ্য, এর আগেও ২০১৯ ও ২০২১ সালে একই ধরনের নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
সাজু/নিএ
সর্বশেষ খবর