ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ রাজসাক্ষী পাওয়া গেছে দাবি করে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি তুলেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. খলিলুর রহমান ‘লন্ডন ষড়যন্ত্রের’ প্রধান পরিকল্পনাকারী ছিলেন এবং তার কাজের পুরস্কার হিসেবেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাই তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের পাশাপাশি নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ সঙ্গে জড়িত অন্যদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানান তিনি।
তাহের বলেন, জাতি দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে আসছিল। গত ৫৬ বছরে দেশবাসী প্রকৃত অর্থে কোনো অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন পায়নি বলেও মন্তব্য করেন তিনি। সবার প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের আশা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই প্রত্যাশা ভণ্ডুল হয়েছে বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, নির্বাচনের প্রশ্নে জাতির সঙ্গে ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’ করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
তাহের আরও বলেন, সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিজেই ‘রাজসাক্ষী’ হওয়ার কথা বলেছেন। তাই তার কাছ থেকেও নির্বাচনী ষড়যন্ত্রের বিষয়ে সত্য উদঘাটন করা প্রয়োজন বলে তিনি দাবি করেন।
এ সময় ভোটের পরও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, বিভিন্ন স্থানে নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে এবং হামলার কারণে মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি একটি গণমাধ্যমের মুখোমুখি হন সৈয়দা রিজওয়ানা হাসান। যেখানে অন্তর্বর্তী সরকারের সময় উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার প্রসঙ্গ টানেন সংবাদকর্মী।
এরই প্রেক্ষিতে প্রশ্নের জবাবে সাবেক এ উপদেষ্টা বলেন, তাদের রাজনীতির যে অংশ নারীবাদ, নারীর ক্ষমতায়ন ও নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে— সে অংশ নিয়ে আমার-আপনার কাজ করা উচিত। কখনো যেন সেই শক্তি মেইনস্ট্রিম হতে না পারে, আমরা সেই কাজটি করতে পেরেছি। তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দেইনি।
তবে তিনি কোনো দলের নাম নেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর