মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইরান যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সময়ে হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে একাধিক হামলার ঘটনা ঘটেছে। আর এই পরিস্থিতির মধ্যে ইরানকে কঠোর সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ‘তীব্র ও ভারী’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে। ইসরায়েল জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। একই সময়ে সৌদি আরব বলেছে, একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন তারা প্রতিহত করে ধ্বংস করেছে।
এদিকে বাহরাইনে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত।
এর আগে যুক্তরাষ্ট্র জানায়, হরমুজ প্রণালিতে ইরান যে এক ডজনের বেশি সমুদ্র মাইন বসিয়েছিল, তা ধ্বংস করে দেয়া হয়েছে। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, প্রয়োজন হলে এমন সামরিক প্রতিক্রিয়া দেয়া হবে ‘যা আগে কখনও দেখা যায়নি’।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে তারা ইরানের ১৬টি মাইন বসানোর নৌযান ধ্বংস করেছে। এই পথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যদি অবশিষ্ট মাইন সরানোর জন্য ব্যবস্থা নেয়া না হয়, তাহলে ইরানকে ‘অভূতপূর্ব পরিণতির’ মুখোমুখি হতে হবে।
এদিকে বুধবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের আশপাশে দুটি ড্রোন পড়ে গেলে চারজন আহত হন বলে দেশটির মিডিয়া অফিস জানিয়েছে। তবে এই ঘটনার মধ্যেও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে একটি কার্গো জাহাজে আগুন ধরে গেছে।
ইরান এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশে বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরের দিকে যাওয়া এই সরু নৌপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়। যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত সেখানে কার্গো জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।
এছাড়া বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউকেএমটিও। তবে জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন এবং ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর