জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি–কে প্রকাশ্যে জুতাপেটা এবং রাজনীতি থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন একই দলের ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির জেলা সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম।
বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজে প্রায় ১৭ মিনিটের একটি লাইভে এসে তিনি এ হুঁশিয়ারি দেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। এর আগে জিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। লাইভের শুরুতে জিম দাবি করেন, জুলাই আন্দোলনের সময় তিনি আহত হন এবং এখনও তার শরীরে রাবার বুলেটের চিহ্ন রয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে দায়ের করা মামলারও একজন বাদী তিনি। জাতীয় ছাত্র শক্তির একজন দায়িত্বশীল নেতা হিসেবে কোনো ‘ফ্যাসিস্ট’ বা এ ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতার সঙ্গে কাজ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জিম বলেন, গাইবান্ধায় খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক পদে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেই তারা প্রতিবাদ জানিয়েছেন। লাইভের একপর্যায়ে তিনি বলেন, “জুলাইয়ে আমার শরীরে রাবার বুলেট আছে, পুলিশ নির্যাতন করেছে। আমার শরীরে রক্ত থাকতে খুদি আপনাকে মেনে নেব না। আপনাকে কীভাবে প্রতিহত করতে হয়, তা আমাদের জানা আছে।”
খুদিকে উদ্দেশ করে তিনি আরও অভিযোগ করেন, রংপুরে একটি কর্মসূচিতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে তিনি নাকি বলেছেন—গাইবান্ধার নতুন কমিটির নেতারা নেশাগ্রস্ত। জিম বলেন, এ অভিযোগের প্রমাণ দিতে হবে; অন্যথায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাকে গাইবান্ধায় রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় তিনি কেন্দ্রীয় নেতা সারজিস আলম–এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংগঠনের রাজনীতি আগের মতো চলছে না। খুদিকে নিয়ে রাজনীতি করতে চাইলে গাইবান্ধায় এসে বাস্তবতা দেখার জন্যও চ্যালেঞ্জ জানান তিনি।
জিম আরও বলেন, তার বক্তব্য শুনে কেউ তাকে উন্মাদ বা পাগল ভাববেন না। তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ—নাহিদ ইসলাম, আখতার হোসেন ও আতিক মুজাহিদ–সহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানান, দ্রুত খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধার আহ্বায়কের পদ থেকে অপসারণ করতে। তার দাবি, খুদি একজন দুর্নীতিবাজ এবং তাকে দিয়ে গাইবান্ধায় রাজনীতি চলবে না।
লাইভের শেষদিকে জিম বলেন, হুমকি বা ভয়কে তিনি পরোয়া করেন না। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে ফেসবুক লাইভে নিজের বক্তব্য তুলে ধরেছেন। এ কারণে তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হলেও তার আপত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও এনসিপি গাইবান্ধা জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদির মুঠোফোনে কল করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। খুদির মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর