ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রলি ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মিদুল রহমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আশিকুর রহমান (২৭) গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ধনতলা ধর্মগড় পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিদুল রহমান দিনাজপুর জেলার কাঞ্চন বালুয়াডাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজ মোড়ের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তার স্ত্রী ও তিন মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে। আহত আশিকুর রহমান একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী বদরুল ইসলাম জানান, মোবাইল ফোন কিনতে বন্ধু আশিকুরের মোটরসাইকেলের পেছনে বসে দিনাজপুর থেকে বালিয়াডাঙ্গীতে যাচ্ছিলেন মিদুল। পথে একটি ট্রলিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি হয় মোটরসাইকেলটি। এ সময় চালক হঠাৎ ব্রেক করলে পেছনে বসা মিদুল ছিটকে সড়কের ওপর পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আহত আশিকুরকে উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত বাস ও ট্রলিটিকে আটক করা সম্ভব হয়নি।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর