সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তি বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন নেওয়া হবে।
রোববার (১৫ মার্চ) তিনি এই তথ্য জাতীয় সংসদে জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয় রোধের লক্ষ্যে সারা দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় ইতোমধ্যেই বিবেচনা করছে। তিনি উল্লেখ করেন, এই নিয়োগ শুধু ইসলামী শিক্ষার জন্য নয়, সব ধর্মের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে।
এছাড়া, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের আওতায় আনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা মূল্যায়ন করে সরকার সিদ্ধান্ত নেবে। তিনি উল্লেখ করেন, “বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করবে সরকার। পুরাতন আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।
এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর