চলমান উত্তেজনার মধ্যেই নতুন এক ধাক্কা পেয়েছে ইরান। দেশটির একটি প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার (১৬ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ সদস্য দেশ ও তাদের অংশীদারদের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগে ‘এমেনেত পাসারগাদ’ নামের একটি ইরানি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইইউ কাউন্সিল এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটি ফ্রান্সের একটি গ্রাহক ডাটাবেজে অবৈধভাবে প্রবেশ করে তথ্য সংগ্রহ করে এবং পরে সেগুলো ডার্ক ওয়েবে বিক্রির প্রস্তাব দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমস চলাকালে ভুয়া তথ্য ছড়ানোর উদ্দেশ্যে বিজ্ঞাপন বিলবোর্ড হ্যাক করা হয়েছিল। পাশাপাশি সুইডেনের একটি এসএমএস সেবায় অনুপ্রবেশ করে বহু ইইউ নাগরিককে প্রভাবিত করার চেষ্টা করা হয়।
নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানটির সব সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর নাগরিক ও কোম্পানিগুলোকে প্রতিষ্ঠানটির কাছে অর্থ বা অন্য কোনো অর্থনৈতিক সহায়তা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ ছাড়া সাইবার হামলার অভিযোগে ইইউ দুটি চীনা ব্যক্তি এবং চীনে অবস্থিত দুটি প্রতিষ্ঠানের ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর