মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত কিছু বাংলাদেশিকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু তারা এখনও সৌদি আরব ছাড়তে পারেননি, তাদেরকে আগামী ১৮ এপ্রিলের আগেই দেশ ত্যাগ করতে বলা হয়েছে।
এই তথ্যটি বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভিজিট, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ২৫ ফেব্রুয়ারির পর শেষ হয়েছে এবং তারা এখনও দেশে ফিরতে পারেননি, তাদের জন্য ১৮ এপ্রিল পর্যন্ত সৌদি আরব ত্যাগের বিশেষ সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এতে আরো জানানো হয়, ১৮ এপ্রিলের পূর্বে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।
এই সময়ের মধ্যে কোনোরূপ ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়াই প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন।
এমতাবস্থায় মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসা, ওমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসাধারীদের ১৮ এপ্রিলের পূর্বেই সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হল। নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তীতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
কুশল/সাএ
সর্বশেষ খবর