হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এর মনতলা রেলস্টেশনে জ্বালানি তেলভর্তি একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে, এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে মনতলা স্টেশন অতিক্রমকালে হঠাৎ চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি রেললাইনের পাশের খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনচ্যুতির ফলে কয়েকটি বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কিছু বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়। দুর্ঘটনার পর রেললাইন সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ায় সিলেটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. মনির মিয়া, স্টেশন মাস্টার (নোয়াপাড়া) বলেন, তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে এবং এরপর থেকেই রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ শেষ করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে, দুর্ঘটনার পর ট্রেনের বগি থেকে তেল নিচে পড়ে গেলে স্থানীয় লোকজন তা সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর