গাইবান্ধার সাঘাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ২৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পৃথক অভিযানে দুইজনকে জেল ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার হাটভরতখালি ও পদুমশহর এলাকায় অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটভরতখালি বাজারে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ সময় নিবন্ধনহীন পাম্পে অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে মালিক আবুল কালাম আজাদকে ১ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একইদিন পদুমশহর ইউনিয়নের স্কুলের বাজার এলাকায় একটি গরুর খামারে অভিযান চালিয়ে ৮৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ ঘটনায় খামারের মালিক সুজা মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির জানান, জব্দ করা পেট্রোল সরকারি মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর