যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার জবাবে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বুধবার (১৫ এপ্রিল) গোষ্ঠীটি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টায় তাদের যোদ্ধারা ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমোনা বসতিগুলোতে রকেট হামলা চালায়।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, বুধবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে ২০টি রকেট ছোড়া হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।
এছাড়াও এই হামলার কারণে মানারা এবং কিরিয়াত শমোনায় সাইরেন বেজে ওঠে।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২ মার্চ সীমান্তে হামলার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৮৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৬ হাজার ৭৬২ জন।
লেবাননে এসব হামলার জবাবেই মূলত হিজবুল্লাহ দফায় দফায় ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া ১৪ দিনের যুদ্ধবিরতির অন্তর্ভূক্ত ছিল লেবানন। তবে লেবাননকে এই চুক্তির অংশ মনে করে না ইসরায়েল। তাদের মতে ইরান যুদ্ধবিরতির অংশ হলেও লেবানন বা হিজবুল্লাহ এই চুক্তির অন্তর্ভূক্ত নয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর