ভূরাজনৈতিক উত্তেজনা ও মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (৩০ অক্টোবর) লেনদেনের শুরুতে মূল্যবান এই ধাতুর দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৭ ডলার ৩৯ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের ফিউচার মূল্যও ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭ ডলার ৮০ সেন্টে নেমে আসে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে।
এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। যুক্তরাষ্ট্রে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে। বিশেষ করে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে। ফলে আগামী ডিসেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। বাজারের পূর্বাভাস অনুযায়ী, সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। কারণ, স্বর্ণে বিনিয়োগ থেকে কোনো সুদ পাওয়া যায় না। বিপরীতে সুদের হার বাড়লে সুদভিত্তিক বিনিয়োগের মাধ্যমগুলো তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
এদিকে স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫১ ডলার ২৭ সেন্টে দাঁড়ায়। একই সময়ে প্লাটিনামের দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৪৫৮ ডলার ৮৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম কমে ৯৮৬ ডলার ৮ সেন্টে নেমে আসে।
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তা, ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সুদের হারসংক্রান্ত প্রত্যাশা মূল্যবান ধাতুর বাজারে অস্থিরতা তৈরি করছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর