বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির ব্রচকো জেলার গোরিচে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন ইতালীয় সেনাবাহিনীর সদস্য এবং বাকি দুজন ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন। আহত ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।
ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে হেলিকপ্টারটিকে মাটিতে উল্টে পড়ে থাকতে দেখা গেছে। এতে এর বিভিন্ন অংশও ভেঙে যায়।
মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের স্বজন এবং মিশনে দায়িত্ব পালনরত সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, বিধ্বস্ত হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়নের পরিচালিত ‘অপারেশন আলথিয়া’র আওতায় বসনিয়া ও হার্জেগোভিনায় মোতায়েন ছিল। ডেটন শান্তিচুক্তি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ ও তদারকি করাই এ মিশনের অন্যতম প্রধান দায়িত্ব।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর